দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
রোববার (৫ জুলাই) দুপুরে ইছাপুরা বাজারে ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীদের অভিযোগ, কমিটিতে পদ পাওয়ার উদ্দেশ্যে বাতেন পারভেজ, কবির হোসেন ও জাহাঙ্গীর আলম কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। প্রত্যাশিত পদ না পেয়ে তারা সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের ভাষ্য, সংঘর্ষে কয়েকজন ব্যবসায়ী আহত হন। এ সময় জনরোষের মুখে বাতেন পারভেজও আহত হন বলে তারা দাবি করেন।
ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তাদের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাজারে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করে আসছেন এবং সাম্প্রতিক ঘটনায় বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে।
সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, ইছাপুরা বাজারে ২৫০টির বেশি দোকান রয়েছে এবং দীর্ঘদিন ধরে সেখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
প্রতিবাদ সমাবেশে ইছাপুরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক সাহেদ খন্দকার, ক্যাশিয়ার রাকিব মোল্লাসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জে আই